ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সময় রামদাসহ দেশীয় অস্ত্র হাতে ক্যাম্পাসের প্রবেশপথে মহড়া দিচ্ছে একদল যুবক। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল শাখা ছাত্রশিবিরের এক শীর্ষ নেতাকে প্রতিপক্ষ ছাত্রদলের এক নেতার থাপ্পড় মারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার বেলা পৌনে দুইটার দিকে শহীদ জিয়াউর রহমান হলে ঘটা এ ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, কক্ষ ও গাড়ি ভাঙচুর এবং লাঠিসোঁটাসহ রামদা হাতে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সশস্ত্র অবস্থানের কারণে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে দুপুরে শহীদ জিয়াউর রহমান হলে প্রবেশমুখে করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনূর রহমান অতর্কিত এসে জুহায়েরকে থাপ্পড় মারেন। সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিবিরের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে অভিযুক্তের কক্ষের জানালার কাচ ভাঙচুর করে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অবরুদ্ধ আলীনূরকে উদ্ধার করে গাড়িতে তোলার সময়ও তাঁকে মারধর ও গাড়িতে হামলা চালানো হয়।
ঘটনার আকস্মিকতায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিবির নেতা কাজী জুহায়ের বলেন, “পায়ের সমস্যার কারণে ক্রাচে ভর করে হেঁটে যাওয়ার সময় আলীনূর আচমকা এসে আমাকে থাপ্পড় দেন। কারণ জানতে চাইলে তিনি বলেন— তুই বেয়াদব, তাই মারছি। আমার ইচ্ছা হইছে তাই মারছি।” তবে জুহায়েরকে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা আলীনূর।
ঘটনার তীব্রতায় বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। একই সময় ক্যাম্পাসের জিয়া মোড়, লালন হল ও বহিঃস্থ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দেশীয় অস্ত্র ও রামদা হাতে বহিরাগতসহ স্থানীয় জামায়াত-বিএনপির সমর্থক ও ছাত্র সংগঠন দুটির কর্মীদের মুখোমুখি মহড়া দিতে দেখা যায়।
শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী অভিযোগ করে জানান, “আমাদের হল সেক্রেটারিকে অতর্কিত থাপ্পড় দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে; তারা আগের ছাত্রলীগের রূপে ফিরছে।” অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে আলোচনা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী।
ক্যাম্পাসের থমথমে পরিবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হলেও বর্তমানে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
