রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একই স্থানে দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পুনরায় সংঘাতের আশঙ্কায় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাজহাট থানার ওসির কাছে এ আবেদন জানানো হয়। তবে পুলিশ কমিশনারের চূড়ান্ত অনুমতি না মেলায় প্রতিবেদন লেখা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মারাত্মক আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান জানান, ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে টাঙানো ব্যানার নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আপত্তির পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সহিংস রূপ নেয়। এই সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ চত্বরে উভয় পক্ষই পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কায় দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি পেয়েছি, তবে পুলিশ কমিশনার স্যারের অনুমোদন না পাওয়ায় এখনও ১৪৪ ধারা জারি করা সম্ভব হয়নি।”
প্রশাসনের পাঠানো আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষাগত পরিবেশ ফিরিয়ে আনতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশী সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রশাসন আশা প্রকাশ করছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
