× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তাই জনশক্তিকে মানবসম্পদ করেছে: ইআবি ভিসি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ০৪:২৭ এএম । আপডেটঃ ০৯ জুন ২০২৬, ০৪:২৮ এএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। ছবি: ইআবি প্রেস

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার গভীর তাৎপর্য অনুধাবন করে এ দেশের বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভিসি এ সময় সাবেক এই রাষ্ট্রপতির আদর্শ ও কর্মময় জীবন থেকে প্রেরণা নিয়ে সবাইকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো এর জনগণ। এই মানবশক্তিকে দক্ষ করে তোলার লক্ষ্যে তিনি কৃষি, শিক্ষা, শিল্প, অবকাঠামো এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মজবুত ভিত্তি রচনা করেছিলেন।"

তিনি আরও বলেন, বৈশ্বিক কূটনীতিতে দেশকে সুপরিচিত করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক মুক্তি অর্জনের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করে 'সার্ক' গঠন করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং আন্তর্জাতিক সুসম্পর্কের মাধ্যমে সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষাব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে জিয়া পরিবারের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। ভিসি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে ফাজিল শ্রেণীকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের সমমান প্রদান করা হয়, যা ধর্মীয় শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে অধিকতর সংযুক্ত করতে যুগান্তকারী ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগগুলো ইতিবাচক গতিশীলতা আনছে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম। এ ছাড়া আলোচনা অংশ নেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর নওসের আলী এবং উপ-পরিচালক মো: জিয়াউর রহমান।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সভার শেষাংশে এক আবেগঘন পরিবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.