ডিইউএমসিজেএএ নির্বাচনে বিজয়ী সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী ও সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদির নতুন নেতৃত্বে এসেছেন ইলিয়াস খান ও শাহনাজ শারমিন রিনভী। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী ‘যোগাযোগ উৎসব’ ও সাধারণ সভা শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ইলিয়াস খান বিপুল ভোটে এবং সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পেয়েছেন ১২৬ ভোট। প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান দিবাগত রাত ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খানসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়েরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে বিজয়ী ৫ জন হলেন, তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার এবং শাহেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৩২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন শাকিল হাসান, এই পদে অন্য দুই বিজয়ী হলেন জেসমিন জাহান মুন ও মো. মাজেদুল হাসান পায়েল।
ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান বলেন, “অত্যন্ত স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।”
এর আগে বিকেলে টিএসসিতে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি নিজেও এই বিভাগের একজন অ্যালামনাস। বিদায়ী সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। অনুষ্ঠানে বিভাগের প্রবীণ শিক্ষক ড. গোলাম রহমানসহ বরেণ্য সাংবাদিক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
বিকেল থেকেই টিএসসি চত্বর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের পুরনো সহপাঠী ও শিক্ষকদের পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ, আড্ডা আর গান-গল্পে পুরো ক্যাম্পাস ছিল মুখর। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর অ্যালামনাইদের কল্যাণ ও বিভাগের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
