× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, মধ্যরাতে রণক্ষেত্র ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩ মার্চ ২০২৬

০৩ মার্চ ২০২৬, ০৫:০০ এএম । আপডেটঃ ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ এএম

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মধ্যরাতে। ছবি: সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পাস ও সংলগ্ন ছাত্রাবাস এলাকায় এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার রাতে ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে মৌখিক বাগ্বিতণ্ডা শুরু হয়। সময়ের সাথে সাথে সেই উত্তেজনা চরমে পৌঁছায় এবং একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, তার এক সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিগত দেড় বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।" তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবির কর্মীদের ওপর রড ও রামদা নিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে জনজীবন যখন বিপর্যস্ত, তখন ক্যাম্পাসগুলোতে 'ছাত্রলীগীয় কায়দায়' দখলদারিত্ব ও সহিংসতা শুরু হয়েছে। 

তিনি বলেন, অবিলম্বে দলীয় ক্যাডার বাহিনীকে নিয়ন্ত্রণ না করলে এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।

সংঘর্ষের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.