ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার মাত্র ৭.২৯ শতাংশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
এ বছর এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী আবেদনের সুযোগ পেলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী।
- শাখাভিত্তিক উত্তীর্ণদের পরিসংখ্যান:
- মানবিক শাখা: ৪ হাজার ১০৯ জন।
- বিজ্ঞান শাখা: ২ হাজার ৯৮১ জন।
- ব্যবসায় শিক্ষা শাখা: ৪৬৩ জন।
গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় তিন শাখায় প্রথম স্থান অধিকার করেছেন যথাক্রমে—মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান।
ভর্তীচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ গিয়ে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেকোনো গ্রামীণফোন, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিস্তারিত তথ্য ও বিষয়ের পছন্দক্রম (পছন্দের তালিকা) ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন। ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট অনুষদের দিন অফিসে আবেদন করা যাবে।