জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেছা হল কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে। ছবি: সংগৃহীত
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।
ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেন্দ্রীয় খেলার মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। সাদা পোশাকে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী এস এম হামিদ হাসান জানান, তিনি লাইনে দাঁড়িয়ে প্রায় ২০ মিনিট পর ভোট দিতে পেরেছেন। অন্যদিকে, ঢাকা থেকে আসা শিক্ষার্থী শহীদ উজ জামান বলেন, "বহুদিন পর জাকসুতে ভোট হচ্ছে। জাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম। যারা ক্যাম্পাসের বাইরে থাকে, সবারই উচিত ক্যাম্পাসে এসে ভোট দেওয়া।"
ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নেই
আ ফ ম কামাল উদ্দিন হলে ভোটগ্রহণ চললেও সেখানে কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি। হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শিবলী নোমান বলেন, "সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আপাতত উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। প্রার্থীদের পোলিং এজেন্ট থাকার কথা থাকলেও এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় নির্বাচন প্রক্রিয়া কিছুটা অগোছালো হয়েছে।"
তবে ফজিলতুন্নেছা হলের ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরেও ভোটগ্রহণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন ছাত্রী। এ বিষয়ে জানতে চাইলে হলটির রিটার্নিং কর্মকর্তা আবু সাইফ কোনো সাড়া দেননি।
নির্বাচনে মোট ভোটার ও প্রার্থী
জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন প্রার্থী রয়েছেন। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ প্যানেল এবং তিনটি আংশিক প্যানেল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
