× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও চালের বাজারে অস্বস্তি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ মার্চ ২০২৪, ০৬:২৯ এএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ০৬:২৯ এএম

ছবি: সংগৃহীত

হুট করেই রমজানের আগে বৃদ্ধি পায় চালের দাম। মধ্যে কিছুটা কমলেও আবারও বেড়েছে সবধরনের চালের দাম। কেজি প্রতি ২-৩ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। শুক্রবার বিভিন্ন এলাকার বাজার ঘুরে চালের বাড়তি দাম দেখা যায়।

বিক্রেতাদের দাবি, পাইকারিতে বস্তা প্রতি দুই থেকে তিনশো টাকা হারে বেড়েছে। যার প্রভাব খুচরা বাজারে। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বিক্রিতে কেজি প্রতি দুই থেকে ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার সবচেয়ে বড় বাজার হাজী জয়নাল আবেদিন বাজার। এখানে চালের দোকান আছে গোটা বিশেক। বাজারটির ব্যবসায়ীদের ভাষ্য— তারা আশপাশের কয়েক এলাকায় পাইকারি দামে চাল সরবরাহ করেন। একই সঙ্গে খুচরা দামেও বিক্রি করেন। ফলে এই বাজারে তুলনামূলক দাম কম।

বাজারটির চাল বিক্রেতা মঈনুদ্দিন ভূইয়া জানান, সপ্তাহের ব্যবধানে মোট ও চিকন সব চালেরই দাম বেড়েছে। এর মধ্যে পাইজাম বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে। যা গত সপ্তাহেও ৫০ থেকে ৫২ টাকার মধ্যে ছিল। পাইজামের চাইতে মোটা চাল গুটি। সেখানেও কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। 

ঈদের আগে হুট করে দাম বাড়ায় অনেকটা বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। এ বিষয়ে রিকশাচালক মো. লিটন বলেন, ‘ইফতারের পর রাস্তায় যাত্রী থাকে না। আমাদের ইনকাম কইমা গ্যাছে। কিন্তু জিনিসের দাম বাইড়া গেছে। মাছ, মাংস তো কিনতেই পারি না। চাউলের দামও যদি বাড়ে, আমরা কই যামু!’

বাজারে এই মুহূর্তে বিক্রি হওয়া সবচেয়ে মোটা চাল হাইব্রিড। অন্যান্য চালের দাম বাড়লেও এই চালের দাম অপরিবর্তিত আছে। বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। তুলনামূলক চিকন চালের মধ্যে দাম বেড়েছে মিনিকেটের। কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়ে ধরণভেদে এই চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। 

দাম বাড়ার মিছিলে পিছিয়ে নেই ধনীদের চাল হিসেবে পরিচিত নাজিরসাইল। কেজিতে বেড়ে ৪ টাকা। নগরীর বাজারে বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭২ টাকা কেজি দরে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.