তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও পরিবেশকর্মীরা, চুক্তিহীনভাবে শেষ হয় এবারের আয়োজন। ছবি: সংগৃহীত
জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার ও জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধে বড় কোনো বৈশ্বিক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। তুরস্কের আনতালিয়ায় নির্ধারিত সময়ের ৪৪ ঘণ্টারও বেশি সময় আলোচনার পরও ‘আনতালিয়া প্যাক্ট’ গৃহীত হয়নি, তবে এর মধ্যেই দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।
গত শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও বিরোধ না মেটায় আলোচনা রোববার পর্যন্ত গড়ায়। রাতভর দর-কষাকষি, একের পর এক খসড়া সংশোধন ও মন্ত্রীপর্যায়ের বৈঠকের পরও জীবাশ্ম জ্বালানি বন্ধ, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় চূড়ান্ত ঐকমত্য তৈরি হয়নি।
সম্মেলনের শেষ পর্যায়ে জীবাশ্ম জ্বালানি নিয়ে সবচেয়ে বড় বিরোধ দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ও ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার স্পষ্ট অঙ্গীকার চাইলেও তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে তা সম্ভব হয়নি।
২২ নভেম্বর ভোরে প্রকাশিত সর্বশেষ ১০ পৃষ্ঠার খসড়ায় ‘ফসিল ফুয়েল’, ‘কয়লা’ বা ‘তেল’-এর ব্যবহার বন্ধ করার সুনির্দিষ্ট শব্দ ছিল না; কেবল ২০২৩ সালের দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮-এর অঙ্গীকার স্মরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি কমানোর সময়সীমা বা নতুন কর্মপরিকল্পনা না থাকায় এবারের সম্মেলনকে বৈশ্বিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হিসেবে দেখছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা।
জাতিসংঘের ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের (সিটিসিএন) উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য সৌম্য দত্ত বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় দুটি বিষয় অত্যন্ত জরুরি। প্রথমত, দ্রুত ও কার্যকরভাবে কার্বন নিঃসরণ কমাতে হবে। কিন্তু সেটি হচ্ছে না। কারণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কোনো ভাষা বা সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এটি একটি বড় ব্যর্থতা।’
জলবায়ু অর্থায়ন নিয়েও এশিয়ার দেশগুলোর প্রাপ্তিকে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে মন্তব্য করেন সৌম্য দত্ত। তিনি বলেন, ‘এশিয়ার দেশগুলো এবারের সম্মেলন থেকে খুব বেশি কিছু পায়নি। তবে এশিয়ার দরিদ্র দেশগুলোর জন্য কিছু দ্বিপক্ষীয় অর্থায়নের সুযোগ তৈরি হচ্ছে। লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রেও নেপালের বড় ক্ষতির বিপরীতে মাত্র ২১ মিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে। সেটিও এখনো দেওয়া হয়নি, শুধু বরাদ্দ করা হয়েছে। এগুলোকে একধরনের সামান্য সহায়তা বা ছুড়ে দেওয়া রুটির টুকরোর সঙ্গে তুলনা করা যায়।’
বৈশ্বিক পর্যায়ে বড় সমঝোতা না হলেও বাংলাদেশের জন্য অর্থায়নের প্রতিশ্রুতিকে উল্লেখযোগ্য প্রাপ্তি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। সরকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল শিল্ড থেকে অন্তত ৫ কোটি ইউরো বা প্রায় ৬৮২ কোটি টাকা এবং ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩ কোটি ডলার বা প্রায় ৩৭৩ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি মিলেছে, যা সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, কোনো বৈশ্বিক সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হলেও বাংলাদেশ দুটি তহবিল থেকে অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন করেছে এবং গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গে তহবিল প্রাপ্তির বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের দাবি বাংলাদেশ উপস্থাপন করতে পেরেছে, এটাই সবচেয়ে বড় অর্জন। আগামীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের জন্য কোনো তহবিল বরাদ্দ হলে সেখানে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে। এটুকুই আমরা পেয়েছি।’
আর্থিক অঙ্কের বিষয়ে কাজী রওনাকুল ইসলাম ন্যাশনাল ট্রিবিউনকে আরও জানান, নেগোসিয়েশনের কাজ অসমাপ্ত অবস্থায় সম্মেলন শেষ হলেও মোট তিনটি ফান্ডের আওতায় প্রায় ৬২ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থের বিষয়ে আলোচনা চলছে। তাঁর মতে, অর্থদাতা দেশগুলোর সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পরবর্তী আলোচনার পর অর্থায়নের বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট হবে, তবে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, ‘এবারের সম্মেলনে বাংলাদেশের বেশ কয়েকটি অর্জন রয়েছে। প্রায় এক হাজার কোটি টাকার অনুদানের গ্যারান্টি ও প্রতিশ্রুতি—দুটিই পাওয়া গেছে। বৈশ্বিকভাবে সম্মেলনের অর্জন খুব একটা ভালো না হলেও বাংলাদেশের আলাদা কিছু অর্জন রয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভের জন্য তহবিল উল্লেখযোগ্য। এসব মিলিয়ে তুলনামূলকভাবে আমরা কিছুটা ভালো অবস্থানে আছি।’
একই সঙ্গে প্রায় ৪৮ ঘণ্টা দীর্ঘায়িত হওয়া সম্মেলনের বৈশ্বিক ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে ড. মজুমদার জানান, দীর্ঘ আলোচনার পরও বৈশ্বিক প্রতিশ্রুতির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। উল্লেখ্য, সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে এবার সর্বোচ্চ সংখ্যক সাইড ইভেন্ট ও স্মারক সংগ্রহে দেশি-বিদেশি প্রতিনিধি ও শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে, আর গত ১২ নভেম্বর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর, অভিযোজনে অন্তত ৫০ শতাংশ বরাদ্দ এবং ঋণের বদলে অনুদানের আহ্বান জানান।
জলবায়ু সংকটের ভয়াবহতা বাড়লেও কার্যকর বৈশ্বিক সিদ্ধান্তে পৌঁছানো এখনো কঠিন হয়ে পড়েছে, আর বাংলাদেশের ক্ষেত্রে প্রতিশ্রুত ১ হাজার ৫৫ কোটি টাকা কীভাবে ছাড় হয় ও যথাযথ খাতে ব্যয় হয়—সেটাই এখন বড় পরীক্ষা। উপকূলীয় লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং প্রতিশ্রুতির বাস্তবাযনের ওপরই নির্ভর করছে এই কূটনৈতিক প্রাপ্তির প্রকৃত সুফল।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
ড্রীম বিল্ড, স্বপ্ন পিআর, রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
