× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে আউন্সপ্রতি ৪,৬৫০ ডলারের আভাস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

২২ নভেম্বর ২০২৬, ২১:৩৩ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৬, ২১:৩৪ পিএম

বিশ্ববাজারে স্বল্পমেয়াদি দরপতন চললেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার ওপর ভর করে দীর্ঘ মেয়াদে সোনার দাম ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস। ফাইল ছবি

বিশ্ববাজারে চলমান বড় দরপতনের মধ্যেও সোনার দীর্ঘমেয়াদি বাজারদর নিয়ে আশাবাদ বজায় রেখেছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি তাদের আগের পূর্বাভাস সংশোধন করে জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে; এর আগে যা ৪ হাজার ৮০০ ডলার হবে বলে প্রাক্কলন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে কেন্দ্র করে বেসরকারি বিনিয়োগ চাহিদা কমার আশঙ্কায় এ পূর্বাভাস সমন্বয় করেছে গোল্ডম্যান স্যাকস। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা ক্রয়ের কারণে দীর্ঘ মেয়াদে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। এরপর থেকে এখন পর্যন্ত দাম কমেছে প্রায় ৩৬ শতাংশ। শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে নেমে আসে।

শুক্রবার দিনের লেনদেনের একপর্যায়ে দাম ৩ হাজার ৫১৩ ডলার ৫৪ সেন্টে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত এক সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় ৮ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণে বলা হয়েছে, স্বল্প মেয়াদে বাজারে চাপ থাকলেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর জোরালো চাহিদাই সোনার দামকে ওপরে তুলবে। ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, “স্বল্প মেয়াদে সুদের হার বৃদ্ধির চাপে সোনার বাজারে অস্থিরতা থাকলেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক মজুত বৃদ্ধির কারণে দাম আবার ঘুরে দাঁড়াবে।”

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। কেবল তৃতীয় প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন সোনা কিনেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তহবিলেও সোনার চাহিদা রয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট বিনিয়োগ এসেছে ২১১ টন। এতে এসব তহবিলে সোনার মোট মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে দাঁড়িয়েছে।

তবে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সোনা কেনার প্রবণতা কিছুটা কমেছে। তৃতীয় প্রান্তিকে সোনার বার ও কয়েনের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমে এসেছে।

সোনার দামে সাম্প্রতিক পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের ধারণা, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে এবং ২০২৭ সালের মার্চে আরও এক দফা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, কিন্তু সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না। এর সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি যোগ হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোম্পানিগুলোর শেয়ারের সাম্প্রতিক দরপতনের পর অন্য খাতের লোকসান সামাল দিতে কিছু বিনিয়োগকারী সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেছেন। তবে দাম কমে আসায় ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনের বাজারে নতুন করে সোনার চাহিদা বাড়তে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গোল্ডম্যান স্যাকসের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বর থেকে ফেড সুদের হার কমাতে শুরু করলে পশ্চিমা বিনিয়োগকারীদের আগ্রহ আবার ফিরবে। তবে স্বল্প মেয়াদে ফেডের নীতিগত কঠোরতা ও ডলারের চাঙা ভাব অব্যাহত থাকলে সোনার বাজার আরও কিছুটা চাপের মুখে থাকতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.