× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড উদ্বোধন

৪ বছরে সুবিধা পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৬ আগস্ট ২০২৬, ১৭:২৪ পিএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২৬, ২০:৩৯ পিএম

ফ্যামিলি কার্ড। প্রতীকী ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর আগামী ১৬ আগস্ট দেশব্যাপী বহুপ্রতিক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এই কর্মসূচির সূচনা করবেন। আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই ডাইনামিক কর্মসূচির বাস্তবায়ন ছড়িয়ে দেওয়া হবে।

কর্মসূচির অন্তর্নিহিত কৌশল তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড একটি গতিশীল সামাজিক নিবন্ধন (ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি) ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে। ফলে কেউ দরিদ্র অবস্থা অতিক্রম করলে কিংবা নতুন করে দারিদ্র্যে পতিত হলে, তা তাৎক্ষণিকভাবে নিবন্ধনে প্রতিফলিত হবে।”

তিনি আরও বলেন, “এখানে ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকেই সুবিধা দেওয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। পুরোপুরি আধুনিক প্রশ্নমালা ও শতভাগ অনলাইনভিত্তিক ডেটা সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীদের তথ্য হালনাগাদ রাখা হবে, যা সরকারি ভাতার অপচয় ও দ্বৈত সুবিধা গ্রহণ পুরোপুরি রোধ করবে।”

সামাজিক রূপান্তরের এই প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবারের নারী সদস্যদের। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল্যায়ন অনুযায়ী, অর্থ সহায়তার নিয়ন্ত্রণ নারীদের হাতে থাকলে তা প্রত্যক্ষভাবে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখে, যা গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিতে সক্ষম। সারাদেশে পরিচালিত ৫৬টি পাইলট প্রকল্পের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ করেই এই পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

স্বচ্ছতা বজায় রাখতে গঠন করা হয়েছে তিন স্তরের সুনির্দিষ্ট মনিটরিং কমিটি—যার নেতৃত্ব দেবেন মাঠপর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। পুরো তদারকি ব্যবস্থার জাতীয় পর্যায়ের নেতৃত্বে থাকবেন অর্থমন্ত্রী স্বয়ং এবং এটি সরাসরি তদারকি করবেন প্রধানমন্ত্রী। অর্থ বিভাগ, আইএমইডি ও দেশি-বিদেশি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে এই কর্মসূচির চূড়ান্ত প্রভাব নিয়মিত পরিমাপ করা হবে, যা দেশের সামাজিক নিরাপত্তা খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.