তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ‘গানভর ইউএসএ এলএলসি’ থেকে আগামী ১৩ বছরে মোট ৭৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বর্তমান বাজারদরে এর মোট আনুমানিক মূল্য প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে এই দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদিত হলেও বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে ‘জিটুজি’ কাঠামোর চুক্তি নিয়ে নীতিগত ও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে পেট্রোবাংলা এ কেনাকাটার বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর ৬ কার্গো করে মোট ৭৮ কার্গো এলএনজি গানভর ইউএসএ থেকে আমদানি করা হবে।
আইন অনুযায়ী ‘জিটুজি’ চুক্তি কেবল দুটি দেশের সরকার বা সরকারি সংস্থার মধ্যে সম্ভব হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান গানভরের সঙ্গে এই চুক্তির আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে সরকারের সতর্ক অবস্থানের কথা জানান।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "গানভরকে শুরুতেই পুরো ১৩ বছরের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া না-ও হতে পারে। দুই মাস পর সেপ্টেম্বর থেকে তাদের এলএনজির জাহাজ আসতে শুরু করবে। আমরা আগে তাদের কর্মদক্ষতা ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করব; এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে ১৩ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিটি বহাল রাখা হবে কি না।"
জ্বালানিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির আলোকেই এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ‘জিটুজি’ চুক্তির আইনি গ্রহণযোগ্যতা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সাবেক সিইও ফারুক হোসেন বলেন, "যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি গানভর ইউএসএ এলএলসির সঙ্গে বাংলাদেশ সরকারের জিটুজি চুক্তি কীভাবে প্রযোজ্য হবে, তা অস্পষ্ট। মার্কিন সরকার যদি গানভরকে তাদের মনোনীত প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে থাকে, তবেই কেবল এটি জিটুজি হিসেবে গণ্য হতে পারে। তা না হলে পিপিআর ২০২৫ অনুযায়ী এই আমদানির ধরন গ্রহণযোগ্য হবে না এবং ভবিষ্যতে এ নিয়ে আইনি প্রশ্ন উঠবে।"
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে বর্তমানে কাতার, ওমান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার দীর্ঘ ও স্বল্পমেয়াদি সাতটি চুক্তি কার্যকর রয়েছে। বিশ্ববাজারের বর্তমান দর অনুযায়ী (প্রতি এমএমবিটিইউ ২১ মার্কিন ডলার এবং প্রতি ডলার ১২৪ টাকা ধরে) এক কার্গো এলএনজির দাম পড়ছে প্রায় ৯১৬ কোটি ৬১ লাখ টাকা। আগামী সেপ্টেম্বর থেকে জাহাজ আসা শুরু হলে অভ্যন্তরীণ সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
