দেশের করপোরেট ভ্রমণ, মুমূর্ষু রোগী পরিবহন ও বিমান পর্যটন খাতকে গতিশীল করতে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু করেছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান 'আকিজ এভিয়েশন লিমিটেড'। আজ শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তিনটি আধুনিক হেলিকপ্টার নিয়ে নতুন এই বাণিজ্যিক পরিষেবার ঘোষণা দেয়।
জরুরি প্রয়োজন ও বিশেষ যাতায়াতে সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে এই বহরে যুক্ত করা হয়েছে বেল-৫০৫ মডেলের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স এবং রবিনসন-৬৬ মডেলের দুটি যাত্রীবাহী হেলিকপ্টার। খুলনা বিভাগে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 'ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা' পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আকিজ এভিয়েশন এই বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বাড়াল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ এভিয়েশন জানায়, শিল্পপতি ও ব্যবসায়ীদের দ্রুত যাতায়াত, প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধারকাজ, অভিনয় ও সিনেমার চিত্রগ্রহণ, রাজনৈতিক ও ব্যক্তিগত ভ্রমণ এমনকি বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহনে এই আন্তর্জাতিক মানের সেবা সহজলভ্য করা হবে।
আকিজ এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, "জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানো, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ এবং সর্বোচ্চ নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতেই আমরা এই যাত্রা শুরু করেছি। আকিজ এভিয়েশন সব সময় মানুষের নিরাপদ ও দ্রুত ভ্রমণের পাশে থাকবে।"
দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও জরুরি চিকিৎসা সহায়তায় হেলিকপ্টারের চাহিদা দিন দিন বাড়ছে। আকিজ গ্রুপের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী বাণিজ্যিকভাবে এ খাতে যুক্ত হওয়ায় অভ্যন্তরীণ আকাশপথে সাধারণ যাত্রী, করপোরেট প্রতিনিধি ও জরুরি চিকিৎসাসেবার মান আরও উন্নত ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন পরিবহন খাত বিশেষজ্ঞরা।