× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজেট ২০২৬–২৭

শুল্ক ছাড়ে কমছে ল্যাপটপ-নিত্যপণ্যের দাম, গাড়ি ও সিগারেটে বাড়তি কর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ জুন ২০২৬, ১৭:৫৫ পিএম । আপডেটঃ ১১ জুন ২০২৬, ২০:০১ পিএম

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে ও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় চাল, ডাল, আলু ও ভোজ্যতেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর ব্যাপক হারে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। জনস্বার্থ, দেশীয় শিল্পের সুরক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ল্যাপটপ, কম্পিউটার, শিশুখাদ্য, মসলা ও বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে শুল্ককর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, পরিবেশ রক্ষায় জ্বালানিচালিত মধ্যম সারির গাড়ি, সিগারেট, ক্ষতিকর নিকোটিন পাউচ ও বিদেশি বিলাসপণ্যের ওপর করভার বাড়ানোর ফলে এসব পণ্যের বাজারমূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা বাজেট ঘোষণার পর থেকেই আইন অনুযায়ী কার্যকর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম তথা ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এই ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিগত বছরগুলোর লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে জনজীবনে স্বস্তি আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই লক্ষ্যে ধান, চাল, গম, পেঁয়াজ, রসুন, আদা, চিনি ও ভোজ্যতেলসহ ৬০টি নিত্যপণ্যের উৎসে করের হার সর্বোচ্চ ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন তিনি।

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান সমুদয় আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি, চিকিৎসাব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানির ভ্যাট ও ট্যাক্স তুলে নেওয়ায় কিডনি রোগীদের প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৮00 টাকা পর্যন্ত খরচ কমবে। ক্যানসারের নতুন ৯টি কাঁচামালসহ ওষুধের কাঁচামাল আমদানিতেও রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্যের সুরক্ষায় সিগারেটের সবকটি স্তরেই ন্যূনতম খুচরা মূল্য বাড়ানো হয়েছে এবং অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস ও পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির (ইভি) করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে মূল্যভেদে ৬৪ ও ৮০ শতাংশে নামানো হলেও, পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল বা পেট্রলচালিত মধ্যম সারির (১২০০ থেকে ১৬০০ সিসি) গাড়ির করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ করা হয়েছে।

দেশীয় মৎস্য ও কৃষিশিল্পকে সুরক্ষা দিতে বিদেশি পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং প্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রড তৈরির উপকরণ, বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, বেসিন, ফেসওয়াশ, লিপ লাইনার, বিদেশি মধু, সুপারি ও গ্যাস সিলিন্ডারের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর ফলে নির্মাণ এবং প্রসাধন খাতে কিছু পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বিগত বছরগুলোয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ঐতিহাসিক পদক্ষেপ জনজীবনে স্বস্তি ও সমতা ফিরিয়ে আনবে।"

সার্বিক বিশ্লেষণে দেখা যায়, এবারের বাজেটে কর বাড়ানোর চেয়ে শুল্ককর ছাড় দেওয়া পণ্যের সংখ্যাই বেশি। অর্থনীতিবিদদের মতে, এই করছাড়ের সুবিধা যদি আমদানিকারক ও ব্যবসায়ীরা সততার সাথে মাঠপর্যায়ে বজায় রাখেন, তবে আসন্ন দিনগুলোতে মুদ্রাস্ফীতি হ্রাস পেয়ে বাজারে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের স্বস্তি অনেকটাই নিশ্চিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.