ছবি: সংগৃহীত
দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য স্বল্প খরচে ব্যাংকিং সুবিধা এবং সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনায় সদ্য প্রবর্তিত ‘কৃষক স্মার্ট কার্ড’ ধারীদের ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক অস্বাভাবিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ইকবাল মহসীনের সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, ‘‘১০ বা ৫০ বা ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় ঋণ বিতরণ কার্যক্রম আরও কার্যকর করতে নতুন কিছু অগ্রাধিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’
সরকারের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি সম্প্রসারণ অধিদফতরের এই কার্ডধারীদের ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং ঋণ বিতরণে বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যেন কোনোভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত না হন, ব্যাংকগুলোকে তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে, মে মাসের শেষ ও জুনের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের হাওরাঞ্চলে অতিবৃষ্টির কারণে পাকা ধানসহ ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে কৃষকদের জরুরি পুনর্বাসন ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষক স্মার্ট কার্ডকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগের ফলে কৃষি ভর্তুকি, ঋণ বিতরণ ও সরকারি প্রণোদনা কার্যক্রমে স্বচ্ছতা আসবে। এটি একদিকে যেমন প্রকৃত কৃষকদের শনাক্ত করা সহজ করবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিকে সচল রেখে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
