আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের সুবাতাস বইছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, উৎসবের এই মৌসুমে প্রতিদিন গড়ে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি প্রবাসী আয় দেশে আসছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র নিশ্চিত করেন। প্রবাসীদের পাঠানো এই বাড়তি অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের গতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, "হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি দিনগুলোতে এই প্রবাহ আরও বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ মে পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার।
অর্থবছরের ব্যবধানে প্রবাসী আয় বাড়ার এই হার এক লাফে ২০ দশমিক ৫০ শতাংশে উন্নীত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে দেশের সামষ্টিক অর্থনীতিতে চলমান ডলার সংকট অনেকটাই কেটে যাবে।