× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১ জুলাই থেকেই বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মে ২০২৬, ১৯:৫০ পিএম । আপডেটঃ ১৯ মে ২০২৬, ২০:০০ পিএম

দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ ও রাজস্ব ঘাটতির মধ্যেও আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুযায়ী, বড় ধরনের বাজেট চাপ এড়াতে তিন অর্থবছরে মোট তিন ধাপে এই নতুন কাঠামো পুরোপুরি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়ায় নীতিগত সম্মতি দেওয়ার পর গতকাল সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। নতুন এই রূপরেখায় সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীদের ভাতাও শতভাগের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে কেন্দ্র করে গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দুটি ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই মূলত নতুন বেতন স্কেল বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া প্রথম অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে। দ্বিতীয় অর্থবছরে বাকি ৫০ শতাংশ মূল বেতন দেওয়া হবে এবং চূড়ান্ত অর্থাৎ তৃতীয় অর্থবছরে নতুন বাড়িভাড়াসহ অন্যান্য সব সুযোগ-সুবিধা ও ভাতা কার্যকর করা হবে। উদাহরণস্বরূপ, কোনো কর্মকর্তার মূল বেতন যদি ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা হয়, তবে আগামী জুলাই থেকে তিনি বর্ধিত অংশের অর্ধেক অর্থাৎ ৭৫ হাজার টাকা মূল বেতন হিসেবে পাবেন এবং তৃতীয় বছরে গিয়ে পূর্ণাঙ্গ ভাতা ও সুবিধা পাবেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বলেন, "আগামী অর্থবছর, অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামোর বাস্তবায়ন হবে। কীভাবে তা উত্তম উপায়ে করা যায়, এটি নিয়ে কাজ চলছে। আমাদের তো বাজেটের সীমাবদ্ধতা আছে, কঠিন পরিস্থিতির মধ্যে আছি। অর্থনীতির অবস্থা এবং জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহের হার ভালো নয়। ফলে অনেক কিছু কাটছাঁট করতে হলেও, আমাদের সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর দিকটা দেখতে হচ্ছে।"

সাবেক অন্তর্বর্তী সরকারের সময় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি এই প্রতিবেদন জমা দিয়েছিল। পরে গত ২৩ এপ্রিল বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের পর্যালোচনা কমিটি এটি তিন ধাপে বাস্তবায়নের এই কৌশলগত সুপারিশ করে। চূড়ান্ত ফয়সালার লক্ষ্যে আগামী ২১ মে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আবারও একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোতে গ্রেড সংখ্যা আগের মতো ২০টিই রাখা হয়েছে, তবে সর্বনিম্ন গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা (১ লাখ ৬০ হাজার) করার সুপারিশ করা হয়েছে। পুরো নতুন কাঠামোটি বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হলেও, আগামী অর্থবছরে শুধু মূল বেতনের প্রথম ধাপের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হতে পারে।

নতুন এই কাঠামোতে পেনশনভোগীদের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের ক্ষেত্রে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ রয়েছে। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, "বর্তমান রাজস্ব সংগ্রহের দুর্বল চিত্রের মধ্যে ধাপে ধাপে বেতন-ভাতা বাস্তবায়নের চিন্তাটা অত্যন্ত যৌক্তিক। তবে শুধু বেতন বৃদ্ধিই যথেষ্ট নয়, এর সাথে প্রশাসনিক সংস্কারও দরকার। আমলাতন্ত্রের উৎকর্ষ এবং সরকারি চাকরিজীবীদের কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে সরকারের এখনই কঠোর নির্দেশনা দেওয়া উচিত।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.