আজ মঙ্গলবার বাজারে আসা নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও নতুন প্রজন্মের গণআকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন নকশায় ৫ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১৯ মে) প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এই নতুন কাগুজে নোটটি ইস্যু করা হয়েছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে। অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষর সংবলিত এই নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহাসিক ‘তারা মসজিদ’ এবং পেছন ভাগে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের স্মারক ‘গ্রাফিতি-২০২৪’ স্থান পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ ক্যান নট বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের আওতায় এই নতুন নোটটি মুদ্রণ করা হয়েছে। ১১৭ মিলিমিটার দৈর্ঘ্য এবং ৬০ মিলিমিটার প্রস্থের এই নোটে মূলত হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। এর সম্মুখভাগের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা যুক্ত করা হয়েছে।
নোটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উল্টো পিঠে সংযোজিত হওয়া জুলাই গণঅভ্যুত্থানের দেয়ালচিত্র বা গ্রাফিতি, যা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অভূতপূর্ব পরিবর্তনের প্রতীক। একই সঙ্গে জালিয়াতি রুখতে নোটটিতে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক ও শক্তিশালী নিরাপত্তা বৈশিষ্ট্য।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, "নোটটিতে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এবং উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ ব্যবহার করা হয়েছে। এছাড়া বাম পাশে কাগজের ভেতরে প্রবিষ্ট ২ মিলিমিটার প্রশস্ত একটি বিশেষ নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই পরিষ্কার দেখা যাবে।"
সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সাধারণ বিনিময়যোগ্য নোটের বাইরেও অবিনিময়যোগ্য বিশেষ ‘নমুনা নোট’ ছাপানো হয়েছে। আগ্রহী সংগ্রাহকেরা রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করে এই বিশেষ স্মৃতি স্মারকটি সংগ্রহ করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের এই ৫ টাকার নোট চালু হলেও বর্তমানে বাজারে প্রচলিত থাকা আগের সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা (কয়েন) আগের মতোই সমানভাবে বৈধ ও সচল থাকবে। এই নতুন নোটটি বাজারে আসার ফলে মুদ্রা বাজারে খুচরা টাকার সংকট দূর হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের আবেগ ও ইতিহাসের এক মেলবন্ধন তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
