সোমবার বনানীর একটি হোটেলে ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বণিক বার্তা
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকৃত কোনো সংস্কার হয়নি। তাঁর মতে, কোনো সংস্কার না থাকার চেয়ে অসম্পূর্ণ বা ‘হাফ-বেকড’ সংস্কার অর্থনীতির জন্য বেশি সমস্যার সৃষ্টি করে। সোমবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে দুই ভাগ করা এখন সময়ের দাবি। তবে করনীতি নির্ধারণে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত রাখতে চায় সরকার। আমলারা শুধু নীতি নির্ধারণ করলে বড় সংস্কারের উদ্দেশ্য সফল হবে না। বর্তমানে অসম্পূর্ণ সংস্কারসংক্রান্ত বিষয়টি সংসদে বিল হিসেবে আটকে রয়েছে এবং এটি আরও আধুনিক করতে একটি কমিটি কাজ করছে বলে তিনি জানান।
সরকারি প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে চলমান প্রায় ১ হাজার ৩০০ প্রকল্পের উপযোগিতা যাচাই করা হচ্ছে। দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থে নেওয়া প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে শুধু জনকল্যাণমূলক ও লাভজনক প্রকল্প চালু রাখা হবে। এখন থেকে নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বিনিয়োগের রিটার্ন, কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী পাঁচ বছরে রেমিট্যান্স প্রবাহ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আগামী দুই বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিএসইসিতে বড় ধরনের পেশাদার সংস্কার আনা হবে।
মন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া বিদ্যুৎ বিলের দায় বর্তমান সরকার বহন করছে। ঘাটতি মেটাতে নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আমদানির আলোচনা চলছে। পাশাপাশি ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে সরকার।
উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, আইএমএফ বা বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থই হবে প্রধান। উন্নয়ন সহযোগীদের এখন বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ থেকেই সরকার সব সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, অর্থনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
