× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিন্ডিকেট রুখতে মজুত বাড়াচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ মে ২০২৬, ২৩:১৬ পিএম । আপডেটঃ ১১ মে ২০২৬, ২৩:১৯ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভর্তুকিমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট মোকাবিলায় ‘কৌশলগত মজুত’ (স্ট্র্যাটেজিক রিজার্ভ) বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১১ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ‘ট্রাকসেল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় ২ কোটি ৮৮ লাখ মানুষের কাছে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পণ্য সরবরাহের পরিমাণ প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে। নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেকোনো বিশেষ পরিস্থিতিতে ট্রাকসেল কার্যক্রম সচল রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

বাজারের অস্থিরতা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুত বাড়াচ্ছে। আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো ব্যবস্থা ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হবে, যাতে সরকার বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।”

টিসিবিকে একটি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার উপকারভোগীদের তালিকায় বড় ধরনের সংস্কার এনেছে। মন্ত্রী জানান, পূর্ববর্তী তালিকার প্রায় ৫৯ লাখ প্রশ্নবিদ্ধ তথ্য যাচাই-বাছাই করে বর্তমানে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, “নিত্যপণ্যের ব্যবসা মূলধননির্ভর হওয়ায় বর্তমানে বড় ব্যবসায়ীরা সক্রিয় রয়েছেন। তবে আমরা একটি অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে নতুন উদ্যোক্তারা অংশ নিতে পারেন এবং বাজারের স্থিতিশীলতা বজায় থাকে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী সরাসরি ক্রেতাদের কাছে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.