× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজেটে কর সংস্কার ও বিনিয়োগের তাগিদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ মে ২০২৬, ০১:০৮ এএম । আপডেটঃ ০৮ মে ২০২৬, ০১:১৪ এএম

রাজধানীর সিএ ভবনে অনুষ্ঠিত আইসিএবি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রাক-বাজেট বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে কর কাঠামোর যৌক্তিকীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ (এফই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৈঠকে আলোচকরা টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কর ও শুল্ক নীতিতে আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। আইসিএবি সভাপতি এন কে এ মবিনের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ। প্রবন্ধে আগামী বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্পের সুরক্ষায় বিশেষ বরাদ্দের সুপারিশ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আলোচনায় অংশ নিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন। তারা মনে করেন, করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোই হওয়া উচিত আসন্ন বাজেটের মূল লক্ষ্য।

বৈঠকে মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান এবং ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর দাবি জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তৈরি পোশাক খাতের জন্য প্রতিযোগিতামূলক শুল্ক কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তব্যের এক পর্যায়ে এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, "বাজেট কেবল সংখ্যাতত্ত্বের খেলা নয়, এটি হওয়া উচিত সাধারণ মানুষের স্বস্তি ও ব্যবসার নিরবচ্ছিন্ন অগ্রগতির দলিল। শুল্ক নীতিতে বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।"

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার একটি অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নে কাজ করছে। তিনি বলেন, "ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে যাতে উন্নয়ন এবং স্থিতিশীলতার ভারসাম্য বজায় থাকে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শিয়াবুর রহমান শিহাব। এতে আরও বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালাসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.