× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, ৪ বছরের জন্য নিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক | ঢাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩ পিএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২ পিএম

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম ব্যবসায়ী গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাদার হিসাববিদ মো. মোস্তাকুর রহমান। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের গুরুদায়িত্ব অর্পণ করা হলো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। অপর এক আদেশে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার’ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছরের জন্য গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করা এই প্রথিতযশা উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা ‘হেরা সোয়েটার্স’-এর ব্যবস্থাপনা পরিচালক। তৈরি পোশাক খাতের পাশাপাশি আবাসন ও আর্থিক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। করপোরেট ফিন্যান্স, রপ্তানি বাণিজ্য এবং প্রাতিষ্ঠানিক সুশাসনে তাঁর বিশেষ পারদর্শিতা দেশের টালমাটাল আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। তিনি বিজিএমইএ, রিহ্যাব এবং ঢাকা চেম্বারের মতো প্রভাবশালী ব্যবসায়ী সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার অন্তরালে চলে যান। পরবর্তীতে ১৪ আগস্ট বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র নয় দিনের মাথায় তাঁর নিয়োগ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

গভর্নর পদে এই আকস্মিক রদবদল নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নতুন সরকারের অনেক কর্মসূচি ও অগ্রাধিকার রয়েছে এবং এই পরিবর্তন সেই প্রক্রিয়ারই অংশ। অর্থমন্ত্রী বলেন, “কেবল বাংলাদেশ ব্যাংকেই নয়, প্রশাসনের অনেক জায়গাতেই পরিবর্তন হচ্ছে এবং আগামীতে এটি আরও অব্যাহত থাকবে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.