অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব। দায়িত্ব হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির এই ইতিবাচক চিত্র তুলে ধরল বর্তমান প্রশাসন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। ব্যাংকগুলো ছিল প্রায় অচল ও দেউলিয়া হওয়ার পথে। গত কয়েক মাসে সেই ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তোলা হয়েছে।”
প্রেস সচিব আরও উল্লেখ করেন, বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের আমদানিনির্ভর অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর। অন্তর্বর্তী সরকার একটি শক্ত অর্থনৈতিক ভিত্তি ও আইনি কাঠামো দাঁড় করিয়ে রেখে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন শফিকুল আলম। তিনি দাবি করেন, গত ১৮ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। দীর্ঘদিনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কার্যক্রম মোকাবিলা করে বিচারহীনতার সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের করে আনার চেষ্টা করা হয়েছে। এ সময়ে বিভিন্ন সংস্কার কমিশন ও আইনি কাঠামো পুনর্গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
উপদেষ্টা পরিষদের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।