মহাখালীতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে জরিপের ফলাফল উপস্থাপন করছেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অধিকাংশ ভোটারের কাছে উন্নয়নের প্রধান মাপকাঠি হলো দৃশ্যমান অবকাঠামো ও কর্মসংস্থান। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ ভোটার মনে করেন রাস্তা ও কালভার্ট নির্মাণ এবং কাজের সুযোগ সৃষ্টি হওয়াই প্রকৃত উন্নয়ন। এই অবকাঠামো-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতি ভোটারদের প্রত্যাশা ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, বিশেষ করে শহরাঞ্চলের ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সমার্থক হিসেবে সড়ক ও ব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় অঞ্চল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রান্তিক এলাকাগুলোতেও এই অবকাঠামো-নির্ভর উন্নয়নের ধারণা অত্যন্ত প্রবল।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপের ফলাফল তুলে ধরে জানান, ভোটার ও রাজনৈতিক প্রার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা বা সবুজ অর্থনীতি নিয়ে সচেতনতার চেয়ে সহজ সমাধানের প্রতি ঝোঁক বেশি। জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ ভোটার মনে করেন, গাছ লাগানো ও প্লাস্টিক ব্যবহার কমানোই পরিবেশ রক্ষার মূল পথ। তবে নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন এমন ভোটারের হার মাত্র ৪৭ শতাংশ, যা টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ।
গবেষণায় দেখা গেছে, ভোটার ও প্রার্থীরা পরিবেশ বা অর্থনীতির তুলনায় সামাজিক উন্নয়নকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন। ভোটারদের কাছে দারিদ্র্য বিমোচন ও আয়ের চাপ এতটাই বেশি যে, টেকসই উন্নয়নের বড় লক্ষ্যগুলো তাদের কাছে গৌণ হয়ে পড়ছে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার কেবল স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ। সিপিডির মতে, এটি প্রমাণ করে যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখনো জীবনমানের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করার লড়াইয়ে লিপ্ত।
সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত জানান, বাংলাদেশের ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন প্রার্থী ও বিভিন্ন অঞ্চলের ১ হাজার ২০০ ভোটারের ওপর এই জরিপ চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন মানেই কেবল অবকাঠামো—এমন একমুখী ধারণা দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে। তাই উন্নয়নের আলোচনায় অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশকেও সমগুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
