× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেমিট্যান্সে চাঙ্গাভাব: ২৪ দিনেই এলো ২৪৮ কোটি ডলার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৬, ০০:১৮ এএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৮ পিএম

নতুন বছরের শুরুতেই রেকর্ড গতিতে বাড়ছে প্রবাসী আয়।

দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়ে নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের লাফ দেখা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম ২৪ দিনেই দেশে ২৪৭ কোটি ৭০ লাখ (প্রায় ২.৪৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে আয় বেড়েছে প্রায় ৮১ কোটি ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। তথ্যমতে, জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২১.৪০ শতাংশ।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের একক মাস হিসেবে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেকর্ড। এছাড়া নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

গত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের নজির। বর্তমান গাণিতিক হার বজায় থাকলে চলতি অর্থবছর শেষে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবে দেশের রেমিট্যান্স খাত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.