দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। মূল বেতনের বিপরীতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন শিক্ষকরা। মূলত সন্তানদের উচ্চশিক্ষা, মৎস্য চাষ, গবাদি পশু পালন, নার্সারি স্থাপন বা ক্ষুদ্র ব্যবসার মতো উৎপাদনশীল কাজে শিক্ষকদের উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক এই ঋণের আওতায় আসার সুযোগ পাবেন।
ঋণের পরিমাণ ও উদ্দেশ্য
কৃষি ব্যাংকের এই বিশেষ কর্মসূচির আওতায় একজন শিক্ষক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বিশেষ করে শিক্ষকতার পাশাপাশি যারা কৃষি বা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে অতিরিক্ত আয়ের পথ তৈরি করতে চান, তাদের জন্য এই অর্থায়ন বিশেষ সহায়ক হবে।
এই ঋণ সুবিধা পেতে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
- চাকরির স্থায়িত্ব: কমপক্ষে ৩ বছর স্থায়ী চাকরিকাল সম্পন্ন হতে হবে এবং পিআরএল শুরু হতে অন্তত ৩ বছর সময় অবশিষ্ট থাকতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর বেতন-ভাতা অবশ্যই বাংলাদেশ কৃষি ব্যাংকের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে পরিচালিত হতে হবে।
- ক্লিয়ারেন্স: আবেদনকারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা বা কোনো প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা চলমান থাকা চলবে না।
ঋণের শর্ত ও ব্যয়
- সুদের হার: বার্ষিক ৯ শতাংশ (যা ব্যাংক কর্তৃক সময়ে সময়ে পরিবর্তনযোগ্য)।
- প্রসেসিং ফি: মাত্র ৫০০ টাকা।
- পরিশোধকাল: সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তি বা ৫বছর।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় নিম্নোক্ত নথিপত্র প্রয়োজন হবে: ১. নির্ধারিত ফরমে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র। ২. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। ৩. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনাপত্তি পত্র । ৪. বেতন-ভাতার বিবরণী এবং বর্তমান বেতন থেকে কিস্তি কর্তনের নিশ্চয়তাপত্র। ৫. চাকরি থেকে অবসরকালীন সুবিধা থেকে ঋণ সমন্বয়ের অঙ্গীকারনামা।
ঋণগ্রহীতার সুবিধার জন্য ঋণের পরিমাণ ও মেয়াদের ভিত্তিতে কিস্তির একটি ধারণা নিচে দেওয়া হলো:
| ঋণের পরিমাণ | পরিশোধের মেয়াদ | মাসিক কিস্তি (আনুমানিক) |
| ১,০০,০০০ টাকা | ৫ বছর (৬০ কিস্তি) | ২,০৭৬ টাকা |
| ১,০০,০০০ টাকা | ১ বছর (১২ কিস্তি) | ৮,৭৪৫ টাকা |
| ১০,০০,০০০ টাকা | ৫ বছর (৬০ কিস্তি) | ২০,৭৫৮ টাকা |
| ১০,০০,০০০ টাকা | ১ বছর (১২ কিস্তি) | ৮৭,৪৫২ টাকা |